AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে বাসচাপায় নিহত ২ সাংবাদিক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৮ এএম, ১৬ জুলাই, ২০২৬

রাজধানীতে বাসচাপায় নিহত ২ সাংবাদিক

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই সাংবাদিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় বাস ও চালককে শনাক্তে কাজ করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়ালসড়কের ঢালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৈনিক সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল ইসলাম শাকিব এবং দৈনিক প্রাণের বাংলাদেশ-এর সিনিয়র রিপোর্টার রবিউল ইসলাম রাজু।

পারিবারিক সূত্রে জানা যায়, শাকিবের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোড এলাকায়। তিনি উত্তরখানের মাজার এলাকায় বসবাস করতেন। অপরদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম রাজু উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক মো. সাগর জানান, একটি লাল রঙের বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাঁর ভাষ্য, সড়কে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও বাসটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। ধারণা করা হচ্ছে, বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী কোনো পরিবহনের।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত দুই সাংবাদিককে প্রথমে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!