যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণা (২০)-কে হত্যার অভিযোগ উঠেছে।ঘটনার ২ মাস ১৭ দিন পেরিয়ে গেলেও সুষ্ঠু তদন্ত ও বিচার না পেয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে অনুষ্ঠিত মানবন্ধন থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
পরিবারের অভিযোগ,বাদী ও পরিবারের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য সুরাইয়া ও তার পরিবারকে চাপ দিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাতে আসামিরা সুরাইয়াকে নির্মমভাবে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করে। ভোর ৬টা থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে নিজ বাসায় তার মরদেহ পাওয়া যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত নাসির সুরাইয়াকে নিয়মিত মানসিক নির্যাতন করতো।
পুলিশি হয়রানি ও তদন্তে অনীহার অভিযোগ, নিহতের পরিবার গুরুতর অভিযোগ করে বলেন, থানায় মামলা করতে গেলে আসামি পক্ষ আগেই উপস্থিত ছিল। তদন্তকারী এসআই মোহাম্মদ আবুসামা ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান। পরে ওসি এ কে এম আলমগীর জাহানের কাছে গেলে তিনি গালাগালি করেন এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে বাদীকে দিয়ে স্বাক্ষর করিয়ে থানা থেকে বের করে দেন।
পরিবারের দাবি, ঘটনার ২ মাস ১৭ দিন হলেও এখনো পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি। উল্টো আসামিরা বাদী পরিবারকে নিয়মিত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।
দাবি,একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে মামলাটি নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত, দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

