রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর এবং মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে সোমবার (২২ জুন) দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কয়েকটি জেলায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। সেই পদক্ষেপের ধারাবাহিকতায় রাজধানীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতেও বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

