রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে সেলুনের কর্মচারী ও সেখানে থাকা কয়েকজন গ্রাহক রয়েছেন। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি নয়জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ‘আরমান সেলুন’-এ এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন— মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫), সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) এবং আরমান (৩৭)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে মো. ফারুকের শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে, যা সবচেয়ে বেশি। এছাড়া রিংকুর ২১ শতাংশ, রাজু ও পাপ্পুর ১৮ শতাংশ করে, সামশেদ ও আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, সাকিবকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি নয়জনকে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার কারণ এবং বিস্ফোরণের প্রকৃত উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

