শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে ঘিরে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন।
বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর, সায়েন্স ল্যাব, শাহবাগসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়। কয়েকটি স্থানে সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় যানজট।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে একত্রিত হয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লং মার্চ’ কর্মসূচি পালন করবেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
এদিকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি স্থাপনার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
অন্যদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

