দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে লং মার্চ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। সড়ক অবরোধের পর তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে আন্দোলনকারীরা লং মার্চ শুরু করেন। এর আগে দুপুর আড়াইটার দিকে তারা সেখানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকার যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসফেরত মানুষ, যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, শাহবাগ, মগবাজার, ইসিবি চত্বর এবং উত্তরার বিএনএস সেন্টারসহ রাজধানীর কয়েকটি স্থানে জড়ো হন। পরে সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে হবে। পাশাপাশি বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা।
এর আগে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শিক্ষা বোর্ড এবং জাতীয় সংসদ ভবনের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার রাতের সমাবেশ থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি পূরণে কোনো সিদ্ধান্ত না এলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লং মার্চ’ কর্মসূচি পালন করা হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় বুধবারের কর্মসূচি বাস্তবায়ন করেন তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

