টানা ছয় দিন বৃষ্টিপাতের পর রাজধানী ঢাকার আকাশে অবশেষে দেখা মিলেছে রোদের। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আকাশে মেঘের উপস্থিতি থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যের আলো ছড়িয়ে পড়ে, ফলে নগরজুড়ে স্বস্তির আবহ তৈরি হয়।
রোদ ওঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কিছুটা বেড়েছে এবং গরম অনুভূত হচ্ছে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
অবিরাম বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রধান সড়কগুলোর বেশিরভাগ স্থান থেকে পানি সরে গেলেও অনেক অলিগলি ও নিচু এলাকায় এখনও পানি জমে রয়েছে। এতে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত নতুন করে বৃষ্টি না হওয়ায় নগরবাসী কিছুটা স্বস্তি নিয়ে চলাফেরা করছেন।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

