জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে শুরু হওয়া ম্যাচে টস জয়ের পর স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের হতাশা কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজে ভালো শুরুর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।
সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন ও শরীফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলী, শেখ মেহেদী হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
এর আগে সফরের একমাত্র টেস্টে পরাজয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে সফরকারীরা।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

