দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসীবিরোধী আন্দোলন এবং অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শনিবার (১৩ জুন) প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বিষয়টি নিয়ে সম্মিলিতভাবে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা করছেন, যাতে বিদেশি নাগরিকদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
হাইকমিশন আরও জানায়, এমন সংবেদনশীল সময়ে গত ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে ৯ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভ্রমণের অভিযোগে আটক হওয়ার ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার পায়, যা বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি গত দুই দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের পর আটক হন এবং দেশত্যাগে বাধ্য হন বলেও উল্লেখ করা হয়েছে।
বার্তায় বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের অনিয়ম বা অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বিদেশ ভ্রমণ, অন্য দেশে বসবাস কিংবা জীবিকার উদ্দেশ্যে কর্মসংস্থান—সব ক্ষেত্রেই আইনগত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট দেশের বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করা উচিত।
এদিকে, গত ৯ জুন সোমবার দেশটিতে চলমান বিদেশি (ফরেইনার) বিরোধী আন্দোলন, প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট এবং বিভিন্ন ধরনের হয়রানি নিরসনে করণীয় নির্ধারণে বাংলাদেশ হাইকমিশন তিনি এক মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় বাংলাদেশীদের সম্ভাব্য সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ, বৈধ কাগজপত্র নিশ্চিত করা এবং দুর্নীতির আশ্রয় না নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন হাইকমিশনার শাহ আহমেদ শফী।
বাংলাদেশ হাইকমিশন সকল বাংলাদেশি নাগরিককে বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, স্থানীয় আইন মেনে চলা, সতর্ক অবস্থান বজায় রাখা এবং প্রয়োজন হলে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

