দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত ঝড়-বৃষ্টি চলাকালে সাভার, মানিকগঞ্জ, নরসিংদী, নেত্রকোণা, জামালপুর ও কিশোরগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন মাদ্রাসাশিক্ষার্থী এবং পাঁচজন কৃষক রয়েছেন।
সাভারে নিহত ৩
ঢাকার সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে কুটি ব্যাপারী (৭০)-এর পরিচয় জানা গেলেও অপর দুজনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তারা।
নরসিংদীতে প্রাণ গেল ৩ মাদ্রাসাশিক্ষার্থীর
নরসিংদীর মনোহরদী উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতরা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
মানিকগঞ্জে নিহত ২ কৃষক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাঞ্চননগর এলাকায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে কবির হোসেন (৩০) ও শহিদুল ইসলাম (২৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুরে কৃষকের মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার উত্তর চর বওলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন কৃষক মুসা ফকির (৬০)। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোণায় গরু আনতে গিয়ে প্রাণহানি
নেত্রকোণার বারহাট্টা উপজেলার বড়গাঁও গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান জাহাঙ্গীর আলম (৩৫)। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
কিশোরগঞ্জে নৌকার মাঝির মৃত্যু
কিশোরগঞ্জের নিকলী উপজেলার উলাবাইরা চর হাওর এলাকায় নৌকা চালানোর সময় বজ্রপাতে নিহত হন বাবুল সরকার (৪৫)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এবং পেশায় নৌকার মাঝি ছিলেন।
আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রশাসন ও দুর্যোগ বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়, উঁচু স্থান এবং ধাতব বস্তু থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
একদিনে দেশের বিভিন্ন এলাকায় প্রাণহানির এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও স্থানীয় জনপদে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

