মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ (টি-৪) থেকে সীমিত পরিসরে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর।
কর্তৃপক্ষ জানায়, জাতীয় দায়িত্ববোধ, যাত্রীসেবা অব্যাহত রাখা এবং বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উপসাগরীয়, আরব এবং বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট পরিচালনা ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বিমান সংস্থা টার্মিনাল-৪ থেকে পুনরায় কার্যক্রম শুরু করতে আগ্রহী, তাদের সঙ্গে ফ্লাইটের সময়সূচি নির্ধারণ ও পরিচালনাগত বিষয়গুলো নিয়ে সমন্বয় করা হচ্ছে।
কর্তৃপক্ষের মতে, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং কুয়েতে যাতায়াতকারী নাগরিক ও প্রবাসীদের জন্য বিকল্প সুবিধা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর আরও জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা, সুরক্ষা ও পরিচালনাগত দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

