কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণকারী সেলিমা আহমাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।
রাজনৈতিক জীবনে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি হোমনা ও তিতাস উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ এবং নারীদের আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।
তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

