দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন)রাতে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এর আগে রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তাঁর বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সুসজ্জিত বাহিনী আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন করে।
ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে ডা. জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানায়।

সরকারপ্রধানের এ সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

