কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক এক ভয়াবহ ড্রোন হামলায় গোটা মধ্যপ্রাচ্যে শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার ভোররাতে ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলায় টার্মিনাল-১ ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাগরিক এবং আহত হয়েছেন অন্তত ৬৩ জন সাধারণ যাত্রী,বিমানবন্দর কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্য।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন পাঁচজন বাংলাদেশি নাগরিক, যাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিতে কুয়েতের সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে ছুটে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের এই সফর আহতদের এবং তাদের স্বজনদের মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের শয্যাপাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় রাষ্ট্রদূত চিকিৎসা প্রদানকারী চিকিৎসক এবং সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেন। একইসঙ্গে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহতদের সব ধরনের রাষ্ট্রীয় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তা এবং যেকোনো প্রয়োজনে দূতাবাস সবসময় তাদের পাশে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বাংলাদেশিদের মধ্যে মানিকগঞ্জের শারমিন আক্তার গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ফরিদপুরের মো. রাসেল শেখকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সাতক্ষীরার মো:খলিল গাজী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, পটুয়াখালীর শিরিন আক্তার এবং ঢাকার ধামরাইয়ের মো. শরিফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
আহতরা মূলত কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতাল এবং শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ভয়াবহ হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমে সাময়িক অচলাবস্থা সৃষ্টি হলেও বর্তমানে নিরাপত্তা নিশ্চিত করার পর আংশিকভাবে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।
কুয়েত সরকার পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীসহ সকল নাগরিককে সর্বোচ্চ সতর্কতায় থাকার পরামর্শ দিয়েছে। হামলার ঘটনায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করলেও, বাংলাদেশ দূতাবাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সব ধরণের আইনি ও মানবিক সহায়তা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

