প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আগামীকাল রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের পরিকল্পনা ছিল। সে অনুযায়ী ৮ জুলাই ফলাফল প্রস্তুতও করা হয়। পরে ফলাফল ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। একই সঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত সময়ের আগেই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে যায়। ফলে সাধারণ ব্যবহারকারীরা ফল সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার পর শুক্রবার (১০ জুলাই) সংশ্লিষ্ট সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে কর্তৃপক্ষ নতুন করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করে রোববার ঘোষণা দেয়।
উল্লেখ্য, টানা তিন বছর বন্ধ থাকার পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ২০২৫ সালে পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করা হয়। গত ১৪ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়।
পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দুটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে—ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ বৃত্তি। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং প্রায় ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।
নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা ভাতা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকার পাশাপাশি প্রতি মাসে ২২৫ টাকা করে ভাতা পাবেন।
এসএমএসে ফল জানার নিয়ম:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: DPE 123456
এ ছাড়া অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার্থীর রোল নম্বর, জেলা এবং উপজেলার তথ্য প্রদান করে ফলাফল দেখা যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

