সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগে জমা হওয়া অর্থ গণনা শেষে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। শনিবার (১১ জুলাই) দিনব্যাপী গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সকাল থেকে মাজার প্রাঙ্গণে সিলগালা করা দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনার কাজ শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দরগাহ মসজিদের বারান্দায় চার বস্তা টাকা বের করে গণনা করা হয়।
এ কাজে শাহজালাল (রহ.) মাজার মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। পুরো কার্যক্রমে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে এটি দ্বিতীয়বারের মতো প্রকাশ্যভাবে দানবাক্সের অর্থ গণনা করা হলো। এর আগে গত ২২ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে প্রথমবার এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় মাত্র চার দিনে দানবাক্স ও ডেগে জমা হয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
সংশ্লিষ্টরা জানান, প্রথমবার বড় মূল্যমানের ৫০০ ও ১ হাজার টাকার নোটের সংখ্যা বেশি থাকলেও এবার সংগৃহীত অর্থের মধ্যে ১০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোটের আধিক্য লক্ষ্য করা গেছে।
মাজারের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ কমিটির তত্ত্বাবধানে পুরো অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

