দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে ৭৭ হাজার ৭৯৯টি পদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এসব পদে নিয়োগের জন্য শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শূন্যপদের তথ্য সংগ্রহ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
তিনি আরও জানান, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ আগস্ট ৪১ হাজার ৬২৭ জন এবং চলতি বছরের ২৮ জানুয়ারি ১১ হাজার ৭১৩ জনসহ মোট ৫৩ হাজার ৩৪০ জনকে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এসব পদ পূরণে শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এছাড়া রংপুর-৪ আসনসহ দেশের বিভিন্ন এলাকার শূন্যপদ জাতীয় মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার আওতায় পূরণ করা হবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। সরকারের প্রত্যাশা, নতুন নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট অনেকাংশে দূর হবে এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

