রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নতুন একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জনের মধ্যে আটজনকে উদ্ধার করা হলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছানোর পর ট্রলারের প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেটি নদীর মাঝেই স্থির হয়ে পড়ে।
এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি দ্রুত পানিতে তলিয়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১০ জনের মধ্যে আটজন সাঁতরে অথবা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি বলেন, সদরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং ডুবুরি দল নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে এবং সেটি উদ্ধারের কার্যক্রমও চলমান রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ দুজনের সন্ধান এবং ট্রলার উদ্ধারের কাজ এখনো অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

