অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিন্ডিকেটমুক্ত-ন্যায়ভিত্তিক হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে আটাব গণতান্ত্রিক ফ্রন্ট।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নির্বাচন উপলক্ষ্যে সোমবার বাদ আছর রাজধানীর নয়াপল্টনস্থ সাংগ্রীলা ইন (সাবেক লা লুনা) রেস্টুরেন্টে ‘আটাব গণতান্ত্রিক ফ্রন্ট’-এর নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিলে তারা এসব কথা বলেন।
অফিস উদ্বোধন শেষে ফ্রন্টের সকল প্রার্থীর ঐতিহাসিক বিজয়, আটাব সদস্যদের কল্যাণ এবং ট্রাভেল ব্যবসার সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা সালেহ সিদ্দিকী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আটাবের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত থেকে আটাব গণতান্ত্রিক ফ্রন্টের প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ আটাবকে একটি সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ এবং সদস্যদের অধিকার রক্ষাকারী শক্তিশালী পেশাজীবী সংগঠন হিসেবে পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ একটি সিন্ডিকেটমুক্ত ও ব্যবসাবান্ধব ট্রেড বডি গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা একটি সম্পূর্ণ বৈষম্যহীন আটাব গঠন করতে চাই, যেখানে প্রতিটি ক্ষুদ্র ও মাঝারি এজেন্সির অধিকার নিশ্চিত থাকবে। আসন্ন নির্বাচনে আটাব গণতান্ত্রিক ফ্রন্টের পূর্ণ প্যানেলকে বিজয়ী করতে আমি সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।
আটাবের সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু বলেন, আটাব গণতান্ত্রিক ফ্রন্ট সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচন মূলত আটাব সদস্যদের বাঁচা-মরার লড়াই, সাধারণ ট্রাভেল ব্যবসায়ীদের ন্যায় প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে জয়ী হতে ফ্রন্টের প্রার্থীদের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাই।
.jpeg)
সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বিরোধী পক্ষের অপপ্রচারের সমালোচনা করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানাভাবে মিথ্যাচার ও কুৎসা রটানো হচ্ছে। আমি সকল সম্মানিত সদস্যকে এই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। আটাবের সার্বিক উন্নয়ন ও আমাদের পূর্বের অসমাপ্ত কাজগুলো সফলভাবে সমাপ্ত করার লক্ষ্যে এবারও আমরা আপনাদের দোয়া ও অকুণ্ঠ সহযোগিতা কামনা করছি।
সাবেক ইসি সদস্য দিদারুল হক ট্রাভেল খাতের বর্তমান বিশৃঙ্খলা তুলে ধরে বলেন, বর্তমানে ট্রাভেল সেক্টরের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যথাযথ তদারকির অভাবে সাধারণ পান দোকানদারও এয়ার টিকিট বিক্রি করছে এবং এর ফলে ওপেন মার্কেট ইকোনমিকে সুকৌশলে ম্যানুপুলেট করা হচ্ছে। একটি বিশেষ মহল আটাব দখল করে পুরো ব্যবসাকে কুক্ষিগত করার অপচেষ্টায় ষলিপ্ত। আমাদের এই অপতৎপরতা রুখে দিতে হবে।
অনুষ্ঠানে আটাব ও হাবের সাবেক সহ-সভাপতি জনাব এ.এস.এম ইব্রাহীম আটাব গণতান্ত্রিক ফ্রন্টের সকল প্রার্থীর সাফল্য কামনা করে ভোটারদের কাছে ফ্রন্টের পক্ষে ভোট ও দোয়া চান। এ সময় উপস্থিত সাধারণ সদস্যবৃন্দ হাত তুলে ফ্রন্টের পক্ষে তাদের পূর্ণ সমর্থন ও সক্রিয় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটাবের সাবেক ইসি সদস্য শাহআলম কবির, সাবেক অর্থসচিব মোঃ সফিক উল্লাহ নান্টু, সাবেক ইসি সদস্য আবুল কালাম আজাদ, গ্লোবাল ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা হায়াতুন নবী মজুমদার। এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে জনাব আবদুর রহমান, মাহমুদ, জাহাঙ্গীর, ইমাম, সালাহউদ্দিন, পলাশ, মনিরুল ইসলাম সরকার, আজাদ, দেলোয়ার সহ আটাবের বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

