AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০২ পিএম, ১৬ জুলাই, ২০২৬

ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। আগের অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার ১ হাজার ৫৪২ কোটিরও বেশি টাকা কমেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর গুলশান-২ এলাকায় ডিএনসিসির নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান এ বাজেট উপস্থাপন করেন।

ডিএনসিসির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের আকার ছিল ৬ হাজার ৬৯ কোটি ৯৫ লাখ টাকা।

নতুন বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ হাজার ৫৩১ কোটি টাকা। এছাড়া প্রারম্ভিক স্থিতি থেকে ৬৬০ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প থেকে ৯৬৫ কোটি টাকা, আবর্তক খাতে সহায়তা ও অনুদান হিসেবে ২১৫ কোটি টাকা এবং সরকারি উন্নয়ন অনুদান বাবদ ১৫০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব খাতে ১ হাজার ৭৭ কোটি টাকা এবং নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ১ হাজার ৯৬৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া সরকারি ও বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পে ৯৬৫ কোটি টাকা, সরকারি উন্নয়ন সহায়তায় ৮৩ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৭ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। অর্থবছর শেষে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪২৭ কোটি টাকা।

বাজেট উপস্থাপনকালে শফিকুল ইসলাম খান বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা এবং খাল দখলের কারণে রাজধানীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা একদিনে সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি নগরবাসীর সহযোগিতা ও ধৈর্য কামনা করেন।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর প্রাথমিকভাবে আর্থিক সীমাবদ্ধতা থাকলেও সরকারের সহায়তায় সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার মতো গুরুত্বপূর্ণ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়েছে।

নতুন বাজেটে এডিস মশা নিয়ন্ত্রণ, মশাবাহিত রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এছাড়া আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের সংস্কার এবং খাল দখলমুক্ত করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

‍‍`ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা‍‍` কর্মসূচির আওতায় প্রথমে বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং পরে সেখানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সচেতন অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী সৈয়দ রাকিবুল হাসানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!