চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. মিজানুর রহমান (৬১)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান মুন্সিপুর বিওপিকে সতর্ক করেন এবং একটি বিশেষ টহলদল মোতায়েন করেন।
বুধবার বেলা আনুমানিক ১১টা ৪০ মিনিটে মিজানুর রহমান মোটরসাইকেলযোগে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার থেকে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে বিজিবির টহলদল তাকে থামায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। এরপর তল্লাশি চালিয়ে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
স্বর্ণের বার ছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত একটি DY-50 মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার করা স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

