AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বনশ্রীর নিরাপত্তা জোরদারে পৃথক থানা প্রতিষ্ঠার দাবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৬ পিএম, ১৩ জুলাই, ২০২৬

বনশ্রীর নিরাপত্তা জোরদারে পৃথক থানা প্রতিষ্ঠার দাবি

রাজধানীর বনশ্রী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘বনশ্রী থানা’ নামে একটি স্বতন্ত্র থানা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে রাস্তা ও ফুটপাত থেকে ভাসমান দোকান উচ্ছেদ, যানজট নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বনশ্রীর নানজিং কমিউনিটি সেন্টারে রামপুরা থানা ও বনশ্রী সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভায় এ দাবি ওঠে।

সভায় সভাপতিত্ব করেন বনশ্রী সোসাইটির সভাপতি শাহাবুদ্দিন শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) মহসীন আল মুরাদ, সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদ, রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন এবং খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

উন্মুক্ত আলোচনা পর্বে বনশ্রী সোসাইটির সদস্যরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জবাবে পুলিশ কর্মকর্তারা নাগরিকদের সঙ্গে সমন্বয় করে সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বক্তারা বলেন, বনশ্রী বর্তমানে রাজধানীর অন্যতম দ্রুত বর্ধনশীল আবাসিক ও বাণিজ্যিক এলাকা। এখানে প্রায় তিন লাখ মানুষের বসবাসের পাশাপাশি প্রতিদিন হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু এই বিপুল জনসংখ্যার তুলনায় পুলিশি সেবা সম্প্রসারণ যথেষ্ট নয়।

তারা আরও বলেন, বর্তমানে বনশ্রীর বাসিন্দাদের পুলিশি সেবা পেতে রামপুরা ও খিলগাঁও থানার ওপর নির্ভর করতে হয়। এতে অনেক ক্ষেত্রে সেবা পেতে সময় লাগে। এলাকার বিস্তৃতি ও জনসংখ্যা বিবেচনায় পৃথক থানা প্রতিষ্ঠা করা হলে অপরাধ দমন, জরুরি সেবা প্রদান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সভায় চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও যানজটের মতো সমস্যার কথা তুলে ধরে এসব মোকাবিলায় আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখল করে থাকা ভাসমান দোকান উচ্ছেদের দাবিও জানানো হয়।

সভায় উপস্থিত বনশ্রীবাসী সর্বসম্মতিক্রমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের প্রতি বনশ্রী এলাকায় একটি স্বতন্ত্র থানা ও আধুনিক পুলিশ স্টেশন স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে বনশ্রী সোসাইটির সেক্রেটারি জেনারেল মো. রেজাউল করিম ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য বনশ্রী গড়ে তুলতে নাগরিক সমাজ ও পুলিশ প্রশাসনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে পৃথক থানা প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বনশ্রী সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!