রাজধানীতে নিরাপত্তা জোরদারে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তা নিশ্চিত করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরে যাবেন না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

