গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে শিক্ষাবান্ধব, সুস্থ, মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন গায়েন্দার গ্রামের বাসিন্দা এবং সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মহাসিন মোল্যা।
ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, একটি ইউনিয়নের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন প্রতিটি মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পায়।
মহাসিন মোল্যা বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তাঁর প্রথম অগ্রাধিকার হবে শিক্ষাবান্ধব ইউনিয়ন গড়ে তোলা। এ লক্ষ্যে প্রতিটি শিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি, মা ও শিশুস্বাস্থ্যসেবার উন্নয়ন এবং জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কাজ করবেন।
তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার অঙ্গীকার করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। একই সঙ্গে যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে পরিণত করা হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের মাধ্যমে সকল নাগরিকের জন্য সমান অধিকার, সমান সুযোগ এবং ন্যায্য সেবা নিশ্চিত করা হবে।
সবশেষে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে মহাসিন মোল্যা বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শিক্ষিত, সুস্থ, মাদকমুক্ত, আধুনিক ও মানবিক ভাবড়াশুর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে আমি সবার সহযোগিতা কামনা করছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

