হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। গ্রেফতার জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ (TG321) ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম আগেই গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ব্যাগের কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১টি পলি প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় উদ্ধার করা গাঁজার পাশাপাশি আসামির ব্যবহৃত ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড এবং জিও ইন্ডিয়া সিমযুক্ত একটি ওপ্পো স্মার্টফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জুলফিকার মোল্লা জানান, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে পুনরায় ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া বলেন, অবৈধ মাদকের বিস্তার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

