সীমান্তে হত্যা ও স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনায় হামে শিশু মৃ*ত্যুর প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখা।
মঙ্গলবার (১২মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের পর এমন একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাবে।
কিন্তু আজ আমরা দেখছি সীমান্তে একের পর এক বাংলাদেশি নাগরিক হত্যা করা হচ্ছে, স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতায় মানুষ মারা যাচ্ছে, অথচ রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ভারত আমাদের নাগরিকদের উপর বারবার নির্যাতন চালালেও বাংলাদেশের সরকার শক্ত অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। আমরা বরাইবাড়ীর যুদ্ধে দেখেছি—বাংলার মানুষ দেশের সীমান্ত রক্ষায় জীবন দিতেও প্রস্তুত। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের সামরিক সক্ষমতাকে দুর্বল করে রাখা হয়েছে।
এ সময় সংগঠনটির সভাপতি বলেন, জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার পক্ষ থেকে আজ আমরা দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মানববন্ধনে উপস্থিত হয়েছি সারাদেশে হামের প্রকোপে শিশু মৃত্যু এবং সীমান্ত হত্যা। গত দুই মাসে হামে ও হামের উপসর্গে চার শতাধিক শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা মনে করি, এই সংকট নিয়ে রাজনৈতিক দোষারোপ নয়, কার্যকর সমাধান জরুরি। টিকা ব্যবস্থাপনায় অব্যবস্থা, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতা এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ ও চিকিৎসাসেবার অভাবের কারণেই আজ এত শিশুকে প্রাণ দিতে হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই, যাতে দ্রুত টিকার নিশ্চয়তা ও শিশুদের চিকিৎসা নিশ্চিত করা যায়। একইসাথে আমরা সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানাই।
বছরের পর বছর নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা চাই শুধু বিবৃতি নয়, কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, যাতে আর কোনো বাংলাদেশিকে সীমান্তে প্রাণ দিতে না হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

