২০২৬-২৭ অর্থবছরের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রাজস্ব খাতে ৬৮ কোটি ৫৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব ও উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫ হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত। সেই হিসেবে অনুমোদিত বাজেটে শিক্ষার্থীপ্রতি বছরে গড়ে প্রায় ১ লাখ ২৪ হাজার ৬১৮ টাকা ব্যয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শিক্ষা কার্যক্রম পরিচালনা, গবেষণা সম্প্রসারণ, আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দীর্ঘদিনের আবাসন সংকট নিরসন, গবেষণা অবকাঠামোর উন্নয়ন এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে বরাদ্দের কার্যকর ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
তবে শিক্ষার্থীদের একাংশের মতে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণা সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য এ বরাদ্দ এখনও পর্যাপ্ত নয়।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে নতুন কাঠামো গ্রহণ করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট এবং ইউজিসির গবেষণা বরাদ্দ একীভূত করার ফলে কেন্দ্রীয়ভাবে গবেষণা খাতে বরাদ্দ বেড়ে ২২৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে আরও ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২৩৮ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি এর স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

