যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর মেয়েদের বীর প্রতীক তারামন বিবি হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. ফারহানা ইয়াসমিন। তিনি মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাসেল আল ইসলাম-এর সহধর্মিণী।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. ফারহানা ইয়াসমিন বর্তমানে যবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বীর প্রতীক তারামন বিবি হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় ড. ফারহানা ইয়াসমিন বলেন, “আলহামদুলিল্লাহ, আমি বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই কৃতজ্ঞ ও বিনম্র বোধ করছি। আগামীর পথচলা নিয়ে আমি উচ্ছ্বসিত এবং যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নিষ্ঠা ও সততার সঙ্গে এই দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

