মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল সমর্থক দল ‘ব্রাজিল একাদশ’ ও আর্জেন্টিনা সমর্থক দল ‘আর্জেন্টিনা একাদশ’-এর মধ্যকার এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল সংলগ্ন মাঠে রসায়ন বিভাগের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে আলবিসেলেস্তেদের ৪-৩ গোলে হারিয়ে জয় তুলে নেয় স্যালেসাও একাদশ।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল আলবিসেলেস্তে একাদশ। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল আর্জেন্টাইন সমর্থকদের দল। দলের হয়ে গোল দুটি করেন রসায়ন বিভাগের ১২তম ব্যাচের হেলাল উদ্দিন ও নবম ব্যাচের হাবিব। অন্যদিকে স্যালেসাও একাদশের হয়ে প্রথমার্ধের একমাত্র গোলটি করেন নবম ব্যাচের শিক্ষার্থী আকাশ কুমার।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্যালেসাওরা। রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী জাওয়াদ বিন শাহরিয়ারের জোড়া গোলে ম্যাচে সমতায় ফেরে ব্রাজিল সমর্থকরা।লং রেঞ্জের দুর্দান্ত শট ও অসাধারণ এক হেডে পরপর দুইবার প্রতিপক্ষের জাল কাঁপান তিনি।
খেলার শেষ মুহূর্তে ফের চমক দেখান আকাশ কুমার। তার জয়সূচক গোলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে স্যালেসাও একাদশ। আলবিসেলেস্তে একাদশের হয়ে শেষ গোলটি করেন ১৩তম ব্যাচের নাহিদুল রহমান নিরব। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন আকাশ কুমার।
আয়োজকরা জানান, আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল উন্মাদনা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

