দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৬ জুন) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তরুণদের মধ্যে মাদকের বিস্তার উদ্বেগজনক। শুধু আইন প্রয়োগ বা চিকিৎসার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়; বরং তাদের জন্য ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে।
তিনি বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক শক্তিকে সঠিক পথে কাজে লাগানোর অন্যতম মাধ্যম হলো খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খেলার মাঠের সংকট এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে দেশের লাখো শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত একটি শিক্ষা বিভাগীয় আয়োজনে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, এত বড় আয়োজন গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায়নি।
বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণদের আগ্রহ বাড়াতে জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী প্রতিযোগিতা আয়োজনের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সারা বছর বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৃজনশীল কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সমাজে সহিংসতার কিছু ঘটনা তরুণদের মানসিকতার পরিবর্তনের ইঙ্গিত দেয়। এ পরিস্থিতি মোকাবিলায় স্কুল পর্যায় থেকেই নৈতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রচারণামূলক কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় দেশের অর্থনৈতিক সংস্কার, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং সরকারের প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

