জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘উল্কা-২’ বাসের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সংগঠন ‘উল্কা-২ পরিবার’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আবিদ হাসান নির্ঝর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ. কে. এম তামীম রহমান।
বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাম্য, উল্কা-২ পরিবারের উপদেষ্টা মো. মানিউর ইসলাম নিবিড় এবং বিদায়ী সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক ফাতেহ রহমান ফুয়াদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য উল্কা-২ পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। এতে সভাপতি হিসেবে আবিদ হাসান নির্ঝর এবং সাধারণ সম্পাদক হিসেবে এ. কে. এম তামীম রহমানকে মনোনীত করা হয়েছে।
একই সঙ্গে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক এ. কে. এম তামীম রহমান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দীর্ঘ রুটের বাসগুলোর একটি উল্কা-২। শিক্ষার্থীদের গাজীপুর থেকে নিয়মিত নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতে বাস রুট বৃদ্ধি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নিয়মিত চলাচলের জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।”
সভাপতি আবিদ হাসান নির্ঝর বলেন, “ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঐতিহ্যের জেলা গাজীপুরের মধ্যে সেতুবন্ধন হিসেবে উল্কা-২ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে একটি সুন্দর ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং বাসের সব সমস্যায় পাশে থাকতে। ভবিষ্যতে বাসের সার্বিক ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একসঙ্গে কাজ করে যাবো।”
নতুন এই নেতৃত্ব উল্কা-২ বাসের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাসে যাতায়াতকারী শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

