দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)-এর শিরোপা পুনরুদ্ধার করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিস্ট ‘এ’ ক্রিকেটের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে সর্বশেষ ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।
এবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে বৃষ্টি আইনে ৬৩ রানের ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে মোহামেডান। ফলে দীর্ঘদিন ধরে আবাহনীর আধিপত্যে থাকা প্রতিযোগিতায় নতুন করে শিরোপার স্বাদ পায় সাদা-কালোরা।
লিগের দশম রাউন্ডে ঢাকা লেপার্ডসের কাছে হারের পর শিরোপার সমীকরণ আরও জটিল হয়ে ওঠে। শেষ দিকে মোহামেডান, আবাহনী এবং প্রাইম ব্যাংক—তিন দলই শিরোপার দৌড়ে সমানভাবে এগিয়ে ছিল। ১০ ম্যাচ শেষে তিন দলেরই সংগ্রহ ছিল ১৬ পয়েন্ট করে, ফলে শেষ রাউন্ড কার্যত অলিখিত ফাইনালে রূপ নেয়।
শেষ ম্যাচগুলোতে ভাগ্য নির্ধারণী মুহূর্তে মোহামেডান সুবিধা আদায় করে নিতে সক্ষম হয়। অন্যদিকে শিরোপার দৌড়ে থাকা প্রাইম ব্যাংক বৃষ্টি আইনে ঢাকা লেপার্ডসের কাছে ৯ রানে পরাজিত হয়ে পিছিয়ে পড়ে।
সব মিলিয়ে নাটকীয় সমাপ্তির মধ্য দিয়ে ডিপিএল শিরোপা নিজেদের করে নেয় মোহামেডান, শেষ হয় দীর্ঘ ১৭ বছরের শিরোপা-খরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

