AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৯ এএম, ১০ জুলাই, ২০২৬

ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও হতাশা সঙ্গী হলো বাংলাদেশের। হারারেতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে টাইগাররা। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৩ রানে ব্লেসিং মুজারাবানির বাউন্সারে স্লিপে ক্যাচ দিয়ে ৫ রান করে ফেরেন সৌম্য সরকার। এরপর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও সেই জুটি বেশিদূর এগোয়নি। রিচার্ড এনগারাভার বলে ৯ রান করে আউট হন শান্ত।

এক প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করেন তানজিদ হাসান। ৭০ বলে ফিফটি তুলে নেওয়ার পর ইনিংস বড় করার সুযোগ থাকলেও ৫৭ রান করে ব্রায়ান বেনেটের বলে বোল্ড হন তিনি। তার বিদায়ের পর বাংলাদেশের মিডল অর্ডারে ধস নামে।

তাওহীদ হৃদয় ৬০ রানের লড়াকু ইনিংস খেললেও তা দলকে জয়ের পথে এগিয়ে নিতে যথেষ্ট হয়নি। নুরুল হাসান সোহান ৪১ বলে ৩৮ রান করেন। শেষদিকে মেহেদী হাসান মিরাজ ৩৩ বলে ২৭ রান যোগ করলেও নির্ধারিত ওভারে বাংলাদেশের ইনিংস থামে ২৩৪ রানে। ফলে ১৩ রানের ব্যবধানে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। তাসকিন আহমেদের আগুনঝরা বোলিংয়ে দ্রুতই দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। পরে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ আরও দুটি উইকেট তুলে নিলে ৬৬ রানেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে।

সেখান থেকে ইনিংসের হাল ধরেন বেন কারান ও সিকান্দার রাজা। রাজা ৩৩ রান করে আউট হলেও কারান দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান। শেষদিকে ব্র্যাড ইভান্সকে নিয়ে অবিচ্ছিন্ন জুটিতে দলের সংগ্রহ বড় করেন তিনি।

বেন কারান ১৩৩ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। অন্যদিকে ব্র্যাড ইভান্স ৩৬ বলে অপরাজিত ৫৮ রান করে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রানে পৌঁছে দেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ দুটি উইকেট নেন। এছাড়া নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও ব্যর্থতায় সফরটি আরও হতাশাজনক হয়ে উঠল বাংলাদেশের জন্য। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই ট্রফি হাতছাড়া করেছে টাইগাররা। এখন শেষ ম্যাচে জয়ের মাধ্যমে হোয়াইটওয়াশ এড়ানোই হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!