AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:২২ পিএম, ১২ জানুয়ারি, ২০২৬

মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো তাতে সাড়া দেয়নি।

তবে ভারতের মাটিতে খেলতে গেলে কীভাবে ‘নিরাপদ’ থাকা যেতে পারে— সে বিষয়ে বিসিবিকে তিনটি সুপারিশ দিয়েছে আইসিসির সিকিউরিটি টিম। মঙ্গলবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, আইসিসির নিরাপত্তা দলের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে— আসন্ন বিশ্বকাপে ভারতে খেললে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। তবে এসব শর্ত মেনেও ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ।

ক্রীড়া উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, ওই তিন সুপারিশের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়টি হলো বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। চিঠিতে বলা হয়েছে, মোস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে। অর্থাৎ, কার্যত তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার মতো শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, “ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে আমরা আইসিসিকে দুটি চিঠি দিয়েছি এবং তাদের জবাবের অপেক্ষায় আছি। এর মধ্যেই আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি পাঠিয়েছে, যেখানে তিনটি বিষয়ে ঝুঁকির কথা বলা হয়েছে— এক. দলে মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, দুই. সমর্থকদের জাতীয় জার্সি পরে চলাফেরা, তিন. ভারতের নির্বাচন যত ঘনিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে।”

তার বক্তব্য অনুযায়ী, বিসিবির পক্ষ থেকে যে নিরাপত্তা শঙ্কার কথা আইসিসিকে জানানো হয়েছিল, আইসিসির চিঠি সেটাকেই কার্যত স্বীকার করে নিয়েছে। বাংলাদেশের মূল স্ট্রাইক বোলার মোস্তাফিজকে নিয়ে খেললে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে— এমন আশঙ্কার কথাই সেখানে উঠে এসেছে।

এ ছাড়া বাংলাদেশি সমর্থকেরা যদি নিজেদের জাতীয় দলের জার্সি পরে মাঠে যান বা বাইরে চলাফেরা করেন, তাহলেও হামলার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকেও বাংলাদেশ দলের জন্য অতিরিক্ত ঝুঁকির কারণ হিসেবে দেখা হচ্ছে।

ক্রীড়া উপদেষ্টা বলেন, “এই চিঠিই প্রমাণ করে, বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। আমাদের সেরা বোলারকে বাদ দেওয়া বা সমর্থকদের জার্সি পরতে নিষেধ করা— এমন অবাস্তব ও অযৌক্তিক প্রত্যাশা মেনে নেওয়া যায় না।”

তিনি আইসিসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে ভারতের বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতে খেলার সুযোগ তৈরি করে দেওয়া হোক। ড. আসিফ নজরুলের ভাষায়, “গত দেড় বছরে ভারতে যে বাংলাদেশবিরোধী ও উগ্র সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হয়েছে, তাতে সেখানে খেলা সম্ভব নয়। ক্রিকেটে কারও একচেটিয়া আধিপত্য থাকতে পারে না। আইসিসি যদি সত্যিই বৈশ্বিক সংস্থা হয়, তাহলে আমাদের জন্য বিকল্প ভেন্যু নিশ্চিত করতে হবে।”

এদিকে আলোচনায় এসেছে, ইংল্যান্ড দলও দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কায় না খেলে তাদের ম্যাচ ভারতের ভেন্যুতে আয়োজন করছে। সে কারণে ভেন্যু পরিবর্তন হলেও বাংলাদেশকে অন্তত একটি ম্যাচ ভারতের মাটিতে খেলতে হতে পারে— এমন সম্ভাবনার কথাও উঠে এসেছে।

এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ভেন্যু বদলালেও আপত্তি থেকেই যাবে। তার কথায়, “ভারত মানে তো ভারতই— ভেন্যু যেখানেই হোক। যেখানে আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ নেই, সেখানে আমরা আপস করব না। আইসিসির সিকিউরিটি টিমের চিঠিই প্রমাণ করে, ভারতের কোনো জায়গাই এখন বাংলাদেশের জন্য খেলার উপযোগী নয়।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!