সব ধরনের প্রস্তুতি ও অনিশ্চয়তা পেরিয়ে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সাধারণত ঢাকাকে কেন্দ্র করে টুর্নামেন্ট শুরু হলেও এবার ব্যতিক্রমীভাবে সিলেট পর্ব দিয়ে যাত্রা শুরু করছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর। গত মৌসুমের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হলেও এবার নতুন শিরোপাজয়ীর প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স।
বিপিএল শুরুর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পুরোপুরি অনুষ্ঠান বাদ না দিয়ে উদ্বোধনী দিনেই সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
অনুষ্ঠানের শুরুতে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হবে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিসিবির সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
এরপর সিলেট স্টেডিয়ামে দিনের আলোতেই বিশেষ আতশবাজির আয়োজন করা হবে, যা বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো দেখা যাবে।
উদ্বোধনী ম্যাচ শেষ হলে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। বিপিএলে অংশ নেওয়া ছয় দলের জার্সি পরিহিত শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এতে অংশ নেবেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সংগীত পরিবেশনার কোরিওগ্রাফি করবেন ফুয়াদ আল মুকতাদির। প্রায় ৪৫ মিনিটের এই আয়োজন শেষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
ছয় দলের অধিনায়ক
ঢাকা ক্যাপিটালস: মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার-ব্যাটার)
রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান (উইকেটকিপার-ব্যাটার)
রাজশাহী ওয়ারিয়ার্স: নাজমুল হোসেন শান্ত (ব্যাটার)
চট্টগ্রাম রয়্যালস: শেখ মাহেদী (অলরাউন্ডার)
সিলেট টাইটান্স: মেহেদী হাসান মিরাজ (অলরাউন্ডার)
নোয়াখালী এক্সপ্রেস: সৈকত আলী (অলরাউন্ডার)
এবারের বিপিএলে দায়িত্ব পালন করবেন মোট ১০ জন আম্পায়ার—এর মধ্যে ৮ জন বাংলাদেশি এবং ২ জন বিদেশি। দেশি আম্পায়ারদের তালিকায় রয়েছেন শরফউদ্দৌলা, ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। বিদেশি আম্পায়ার হিসেবে থাকছেন আসিফ ইয়াকুব ও রুচিরা পল্লীগুরুরুগে।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন চারজন। প্রধান ম্যাচ রেফারি সাইমন টোফেল, সঙ্গে থাকবেন আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল ও সেলিম সাহেদ।
বাংলাদেশে বিপিএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও খেলা দেখার সুযোগ থাকবে—ট্যাপমেড ও আকাশগো অ্যাপে।
বিদেশে সম্প্রচারের তালিকায় রয়েছে পাকিস্তানের এ স্পোর্টস, ভারতের ফানকোড, শ্রীলঙ্কার পিও টিভি, নেপালের দিশহোম এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর উইলো।
এছাড়া ডিজিটাল মাধ্যমে মাইকো, তামাশা, ট্যাপমেড অ্যাপ (পাকিস্তান), উইলো ডিআরএম এবং টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও ম্যাচগুলো দেখা যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

