বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসর শুরুর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪ ডিসেম্বর যে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ছিল, তা বাতিল করা হয়েছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে বড় পরিসরের জনসমাগমের আয়োজন করা নিরাপদ নয় বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন দেশব্যাপী নেতাকর্মীদের ঢাকামুখী সমাগমের সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। এসব কারণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে প্রয়োজনীয় অনুমোদন বা ক্লিয়ারেন্স পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদিও আয়োজকরা কারিগরি ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন রেখেছিল, তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির আশঙ্কা ছিল, এই পরিস্থিতিতে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে।
এর আগে ২০ ও ২৩ ডিসেম্বর উদ্বোধনী আয়োজনের বিকল্প তারিখ নিয়েও আলোচনা হয়েছিল। তবে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং স্টেডিয়ামের বাইরের পরিবেশ নিয়ন্ত্রণে জটিলতার আশঙ্কায় সেসব তারিখও বাতিল করা হয়। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সবুজ সংকেত না পাওয়ায় শেষ পর্যন্ত বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

