দক্ষিণ আফ্রিকার উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের নতুন উপমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মুসলিম রাজনীতিবিদ ইউসুফ কাসিম।
বুধবার (১জুলাই) রাজধানী প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংস-এ অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত ডেপুটি প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করান।
সম্প্রতি রাষ্ট্রপতি সিরিল রামাফোসা মন্ত্রিসভায় রদবদল করেন। সেই রদবদলের অংশ হিসেবে ইউসুফ কাসিমকে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর নিয়োগকে দেশটির শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইস্টার্ন কেপে জন্মগ্রহণকারী ইউসুফ কাসিম ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)-এর একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ। ভারতীয় বংশোদ্ভূত এই মুসলিম নেতা দীর্ঘদিন ধরে শিক্ষা, যুব উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মাত্র ২৪ বছর বয়সে, ২০১৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকার জাতীয় সংসদে নির্বাচিত হন। সে সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তরুণ বয়সেই জাতীয় রাজনীতিতে তাঁর উত্থান ব্যাপকভাবে আলোচিত হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর ইউসুফ কাসিম বলেছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতে তিনি কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, ইউসুফ কাসিমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার উচ্চশিক্ষা খাতে নতুন গতি আসবে এবং শিক্ষার মানোন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে ইতিবাচক পরিবর্তন ঘটবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

