অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের জেরে দক্ষিণ আফ্রিকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে মার্চ অ্যান্ড মার্চ মুভমেন্ট-এর উদ্যোগে দেশের বিভিন্ন ছোট-বড় শহরে একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
ডারবানে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইস্টার্ন কেপ প্রদেশের আমটাটা, পুমালাঙ্গা প্রদেশের উইটব্যাংক, জোহানেসবার্গের হিলব্রু, বক্সবার্গ, সোয়েটো, মোরোকা, থোকোজা পার্ক, জাবুলানি মল এলাকা, ক্লিপটাউন এবং জার্মিস্টনসহ বিভিন্ন স্থানে বড় বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আন্দোলনকারীরা অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া এবং এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন। কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিভিন্ন প্রাইভেট সিকিউরিটি প্রতিষ্ঠান এবং কয়েকটি এলাকায় সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে।
এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও জোহানেসবার্গের সানিহুক ভবনের কাছে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ইওভিলে এবং হিলব্রু এলাকায় কিছু বিদেশি নাগরিককে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
সুয়েটোর ক্লিপটাউনে কয়েকটি দোকান ভাঙতে চেষ্টা করেছে। সব জায়গায় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের বা আহতের খবর নিশ্চিত করা হয়নি। একই সঙ্গে কাউকে গ্রেপ্তারের বিষয়েও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
চলমান পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রবাসীদের অপ্রয়োজনে বাইরে চলাফেরা না করা, জনসমাগম এড়িয়ে চলা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

