AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে



দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণ, ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের জন্য গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বরিশাল অঞ্চলের ১৮ জন সংসদ সদস্যকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবিতে বরিশাল অঞ্চলের সংসদ সদস্যরা ঐক্যবদ্ধ হয়েছেন। এ বিষয়ে জাতীয় সংসদেও তিনি বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, বরিশাল-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক, ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে বরিশাল অঞ্চলের বিএনপির ১৮ জন সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে ধারাবাহিক বৈঠক করা হচ্ছে। এসব দাবি বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ চলছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জোট সরকারের সময় পদ্মা সেতুসহ এ অঞ্চলের উন্নয়নের দাবিতে মাওয়া প্রান্তের চর জানাজায় ২১ জেলার মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হয়েছিল।

অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন, দেশের বড় বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ আওয়ামী লীগ নিয়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশের কোনো কলেজে ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ না থাকলে নতুন নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি দাবি করেন, দলটি বর্তমানে পাঁচ থেকে ১০ হাজার মানুষও একত্র করতে সক্ষম হবে না।

মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্ব তুলে ধরে মজিবর রহমান সরোয়ার বলেন, যে-ই রাজনীতি করুক না কেন, তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। একই সঙ্গে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করলেও স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে।

সবশেষে তিনি দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!