দক্ষিণ আফ্রিকাজুড়ে অনুষ্ঠিত অভিবাসনবিরোধী বিক্ষোভে ৯০০–এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্যমতে, দেশব্যাপী মোট ১২০টি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ১২টি স্থানে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া গণহিংসা, ডাকাতি এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে দেশের পাঁচটি প্রদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোহানেসবার্গের হিলব্রো এলাকায় নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।
‘মার্চ অ্যান্ড মার্চ’ নামে একটি সংগঠন এ বিক্ষোভের ডাক দেয়। সংগঠনটি গত এপ্রিল মাস থেকে আন্দোলন চালিয়ে আসছে এবং ৩০ জুনকে অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগের ‘চূড়ান্ত সময়সীমা’ হিসেবে ঘোষণা করেছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে শুরু হওয়া এ আন্দোলনে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পাশাপাশি সহিংসতার কারণে হাজার হাজার বিদেশি বাস্তুচ্যুত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আন্দোলনের নেতারা আগামী তিন মাস ধরে প্রতি সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সংশ্লিষ্ট মহল দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

