AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৩ পিএম, ১৪ জুলাই, ২০২৬

স্টার্টআপে  ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

উদ্ভাবনী ধারণা ও সম্ভাবনাময় স্টার্টআপকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মেধাবী ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীনে স্টার্টআপ খাতের উন্নয়নে ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তাদের প্রকল্পের ধরন ও সম্ভাবনা বিবেচনায় ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, অনেক নতুন উদ্যোক্তার কাছে ব্যাংকঋণের জন্য প্রয়োজনীয় জামানত বা সম্পদের কাগজপত্র থাকে না। সেই সীমাবদ্ধতা দূর করতেই একটি নিরপেক্ষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জানতে চান, যেসব তরুণ উদ্যোক্তার ভালো ব্যবসায়িক ধারণা রয়েছে কিন্তু জামানতের অভাবে ঋণ পান না, তাদের জন্য সরকারের পরিকল্পনা কী।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তার ব্যক্তিগত সম্পদের পরিবর্তে তার প্রকল্পের সম্ভাবনাকেই গুরুত্ব দেওয়া হবে। নিরপেক্ষ কমিটি প্রকল্প মূল্যায়নের ভিত্তিতে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। তবে কোনো উদ্যোগ শুরুতে প্রত্যাশিত ফল না পেলেও যদি তার সম্ভাবনা থাকে, তাহলে পুনরায় সহায়তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং অংশীদার প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা সম্পর্কে এক জায়গা থেকেই প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।

আয়োজকদের আশা, নতুন এই উদ্যোগ দেশের স্টার্টআপ খাতে সমন্বয় বৃদ্ধি করবে এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা পরিবেশকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য দেন এবং স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!