ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিবির গুলশান বিভাগে কর্মরত অবস্থায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক ও বিবাহবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে গোলাম সাকলায়েনের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, পরীমণির সঙ্গে জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে ব্যক্তিগত সময় কাটানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় কার্যক্রম শুরু হয়। অভিযোগের জবাব, ব্যক্তিগত শুনানি এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনার পাশাপাশি তদন্ত পরিচালনা করা হয়।
তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেওয়া হলে তাকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে তার জবাব, তদন্ত প্রতিবেদন এবং অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হলে কমিশনও বাধ্যতামূলক অবসরের পক্ষে মত দেয়। এর ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ১৭ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর অনুমোদন দেন।
উল্লেখ্য, ২০২১ সালে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে করা মামলার তদন্তের সময় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে গোলাম সাকলায়েনের পরিচয় হয়। পরবর্তীতে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনা ও অভিযোগ সামনে আসে। পরীমণির মাদক মামলার তদন্ত চলাকালে বিষয়টি নতুন করে আলোচনায় এলে পুলিশ সদর দপ্তরের নির্দেশে বিভাগীয় তদন্ত শুরু হয়।
গোলাম সাকলায়েন ৩০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দেন এবং পেশাগত অবদানের জন্য পিপিএম পদকও অর্জন করেন। তবে ব্যক্তিগত আচরণসংক্রান্ত অভিযোগের তদন্ত শেষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

