গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ১০টি শিল্পগোষ্ঠীর নামে থাকা দেশে-বিদেশে প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এ তথ্য জানান।
তিনি বলেন, জব্দ হওয়া সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরে প্রায় ৫৭ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। এছাড়া বিদেশে প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভিত্তিতে কার কত সম্পদ জব্দ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিএফআইইউ প্রধান আরও জানান, বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যেতে পারে।
তিনি বলেন, আর্থিক অপরাধের তদন্তে কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয় না। সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। একই নীতি অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান। এরপর তার পরিবার এবং কয়েকটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, অর্থপাচার, মুদ্রাপাচার, কর ও শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়।
বর্তমানে এসব অভিযোগের তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে। পুরো কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালন করছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

