গাজায় বাংলাদেশ থেকে সৈন্য পাঠানোর বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হলেও বাস্তবায়নের মতো কোনো সিদ্ধান্ত হয়নি।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। এখন কেবল আলোচনা চলছে। কারা থাকবে, কীভাবে থাকবে—এসব বিষয় এখনো নির্ধারিত হয়নি। তিনটি নির্দিষ্ট শর্ত পূরণ না হলে বাংলাদেশ কোনোভাবেই সেখানে যাবে না।”
তিনি ব্যাখ্যা করে বলেন, “প্রথমত, বাংলাদেশ যুদ্ধের উদ্দেশ্যে কোনো সেনা পাঠাবে না। দ্বিতীয়ত, সেখানে এমন কোনো কর্তৃপক্ষ থাকতে হবে যার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সম্ভব। এই পরিবেশ তৈরি না হলে আমাদের যাওয়ার প্রশ্নই আসে না। শর্তগুলো মেনে নিলে তবেই পরবর্তী আলোচনা হবে।”
মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, নন-স্টেট অ্যাক্টর হওয়ায় আরাকান আর্মির সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে ঢাকার সরাসরি যোগাযোগ রাখা সম্ভব নয়। তিনি জানান, মিয়ানমারের সঙ্গে বিদ্যমান সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোট প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শিগগিরই প্রবাসীদের কাছে ডাকযোগে ব্যালট পৌঁছানো শুরু হবে। ভোট দেওয়ার পর সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে ব্যালট পাঠানোর ব্যবস্থা করা হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা সীমিত বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া মিয়ানমার ইস্যুতে মাঠপর্যায়ের সব ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে জানতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ নিয়ে চেষ্টা অব্যাহত রয়েছে। অগ্রগতি হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

