ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্ট চুক্তি ও আনুষঙ্গিক প্রক্রিয়া সময়মতো সম্পন্ন হলে সীমিত পরিসরে টার্মিনালের একটি অংশ চালু করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার (২০ জুলাই) বিকেলে বেবিচক কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি বলেন, থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধও শুরু হয়েছে। এ কারণে সরকার চলতি বছরের ডিসেম্বর থেকেই টার্মিনালটি চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তবে টার্মিনাল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জাপানি কোম্পানিগুলোর কনসোর্টিয়ামের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। এ বিষয়ে মন্ত্রী পর্যায়ে একাধিক দফা বৈঠক হলেও সমঝোতা চূড়ান্ত করা যায়নি।
বেবিচক চেয়ারম্যান আশা প্রকাশ করেন, আগামী আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে পরিচালনা-সংক্রান্ত চুক্তি সম্পন্ন হতে পারে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে টার্মিনালের একটি অংশ সীমিত পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

