AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৮ পিএম, ২১ জুন, ২০২৬

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় একটি শিশু ফুল দিয়ে জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানায়।

আনুষ্ঠানিক অভ্যর্থনা পর্বে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সুসজ্জিত বাহিনী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকাসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সেখানে অবস্থান করবেন। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত সড়কপথের বিভিন্ন অংশ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সফরের দ্বিতীয় দিনে পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে উভয় দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক এবং যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। পাশাপাশি পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!