জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিরোধের সময় এ হতাহতের ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, হামলায় আহত আরও চার মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন। এছাড়া কয়েকজন সেনা সামান্য আহত হলেও তারা পুনরায় দায়িত্বে যোগ দিয়েছেন।
সেন্টকম জানায়, নিহত দুই সেনাসদস্যের পরিচয় তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার আগে প্রকাশ করা হবে না।
এর আগে একই দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা জর্ডানের আল-আজরাক এলাকায় মার্কিন বাহিনী ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, ওই হামলায় ঘাঁটিতে থাকা কয়েকটি সামরিক বিমান ধ্বংস হয়েছে।
তবে ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি এবং হামলায় বিমান ধ্বংসের দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

