২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ফাইনালের একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দুটি পজিশনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রক্ষণভাগে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়েলকে সুযোগ দিতে পারেন স্কালোনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মলিনার দিক দিয়ে প্রতিপক্ষ একাধিক আক্রমণ গড়ে তুললেও বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন মন্তিয়েল।
মাঝমাঠেও একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেমিফাইনালে শুরুর একাদশে না থাকা রদ্রিগো ডি পল বদলি হিসেবে নেমে কার্যকর ভূমিকা রাখেন। তবে ফাইনালে তিনি শুরু থেকেই খেলবেন কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
এছাড়া অনুশীলনে জিওভান্নি লো সেলসোর উপস্থিতি নজর কেড়েছে। স্কালোনি তাকে একাদশে অন্তর্ভুক্ত করলে লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চে দেখা যেতে পারে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
রক্ষণভাগ: গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো
মাঝমাঠ: জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ
তবে ম্যাচ শুরুর আগে স্কালোনি প্রতিপক্ষের কৌশল ও খেলোয়াড়দের শারীরিক অবস্থার ভিত্তিতে একাদশে পরিবর্তন আনতে পারেন। ফলে আনুষ্ঠানিক দল ঘোষণার আগ পর্যন্ত সম্ভাব্য একাদশে পরিবর্তনের সুযোগ থাকছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

