ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এ ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (৫ জুলাই) রাতে স্বাধীনতা দিবসের উদযাপনের মধ্যে ব্রুকলিনের কোনি আইল্যান্ডের ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল-নরওয়ে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছেন। আহত শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর।
এনওয়াইপিডি জানিয়েছে, গুলিবিদ্ধ সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি নিউইয়র্ক পুলিশ বিভাগ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

