ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাব বেলজিয়ামেও মারাত্মক আকার ধারণ করেছে। দেশটিতে জুনের শেষ ভাগ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত মাত্র ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারি স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান সিয়েনসানো।
প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে দক্ষিণাঞ্চলের ওয়ালোনিয়া অঞ্চল থেকে। এরপর রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলের ফ্ল্যান্ডার্সে মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি ছিল।
সিয়েনসানো জানায়, ২০০০ সাল থেকে তারা তাপপ্রবাহজনিত মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করে আসছে। সেই তথ্য অনুযায়ী, চলতি বছরই প্রথমবারের মতো তীব্র গরমের কারণে হিটস্ট্রোক ও সংশ্লিষ্ট শারীরিক জটিলতায় এত বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
এর আগে ২০২০ সালে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছিল। ওই বছর দেশটিতে ১ হাজার ৫৫৭ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়।
বিশেষজ্ঞরা তীব্র গরমের সময় শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজনে শীতল পরিবেশে থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এএফপি ও আনাদোলু এজেন্সি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

